মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

আগেও দেশকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে: তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৮:০৫ পিএম

আগেও দেশকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিএনপি অতীতেও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করেছে এবং আগামীতেও দেশ ও জাতির স্বার্থে বিএনপিই ত্রাতা হিসেবে কাজ করবে।” তবে সামনের দিনগুলোতে কঠিন সময় আসছে উল্লেখ করে তিনি দলের নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

বক্তব্যের শুরুতেই তারেক রহমান সাম্প্রতিককালে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মৃতিচারণ করেন।

হাদিকে গণতন্ত্রের অকুতোভয় সৈনিক হিসেবে অভিহিত করে তিনি বলেন, হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন এবং মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অবিচল ছিলেন। তারেক রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের সম্মান অক্ষুণ্ণ রেখে একটি সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান।এই ডিজিটাল উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এবং সরকারি আজিজুল হক কলেজসহ ২০টি জনগুরুত্বপূর্ণ স্থানে সর্বস্তরের মানুষের জন্য ‘ফ্রি ওয়াই-ফাই’ সুবিধা চালু করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, পর্যায়ক্রমে জেলার আরও ৪০টি স্থানে এই সুবিধা সম্প্রসারণ করা হবে। এই ইন্টারনেট সংযোগের মাধ্যমে সাধারণ মানুষ শহীদদের জীবনী এবং আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।তারেক রহমান তার বক্তব্যে আরও বলেন দেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত। এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে ধ্বংসস্তূপ থেকে নতুন দেশ গড়তে হবে। বগুড়া জেলা বিএনপির বর্তমান ও সাবেক শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান এক পর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়। এতে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত যোদ্ধারাও অংশ নেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করে আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে।