ডিসেম্বর ২১, ২০২৫, ১১:২৮ পিএম
আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ প্রবাস জীবন শেষে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকায় বড় ধরণের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে বিএনপি। রোববার (২১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য লিখিত অনুমতি চেয়ে বিএনপি যে আবেদন করেছিল, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় তা মঞ্জুর করেছে।
আজ রাত সাড়ে ৮টায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বরাবর পাঠানো হয়েছে।
চিঠিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছে দেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দ্বায়িত্বে) সাত্তার পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে এই চিঠিতে গ্রহণ করেন।তারেক রহমানের ফেরা উপলক্ষে ইতোমধ্যে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানটিকে স্মরণকালের বিশাল জনসমাগমে রূপ দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। নেতাকর্মীদের ধারণা, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মোড় ঘটাবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানের স্থান ও আনুষঙ্গিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে পুলিশের সাথেও সমন্বয় করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন