মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

নির্ধারিত সময়েই নির্বাচনের প্রত্যাশা জামায়াত আমিরের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৯:৫১ এএম

নির্ধারিত সময়েই নির্বাচনের প্রত্যাশা জামায়াত আমিরের

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২১ ডিসেম্বর) ফজর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমির বলেন, “নির্বাচন নির্ধারিত সময় অর্থাৎ ফেব্রুয়ারিতেই হোক, এটি আমাদের প্রত্যাশা। আমরা এ ব্যাপারে দৃঢ় আশাবাদী এবং নির্বাচন সফল করতে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

 তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের মূল লক্ষ্য হওয়া উচিত জনমতের সঠিক প্রতিফলন এবং এটি যেন মানুষের কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু হয়। এখানে অন্য কোনো চিন্তার অবকাশ নেই বলে তিনি মন্তব্য করেন।

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “হাদির খুনিরা কার্যত বাংলাদেশেরই দুশমন। কারণ হাদিরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজস্ব সংস্কৃতির পক্ষে আপোষহীন কথা বলত।” তিনি আরও বলেন, হাদি সব সময় ইনসাফ ও ন্যায়ের পক্ষে সরব ছিলেন। এমনকি তার শত্রুদের প্রতিও যেন বেইনসাফি না করা হয়, সেই আদর্শ তিনি লালন করতেন।

সরকারের তদন্ত ও পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে জামায়াত আমির বলেন, হাদির হত্যাকারীদের বিচারে এখন পর্যন্ত সরকার যা করেছে, তাতে জনগণ সন্তুষ্ট নয়। তিনি দ্রুততম সময়ে খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিপ্লবীদের খুন করে বিপ্লবের চেতনাকে স্তব্ধ করা যায় না; বরং সেই চেতনা কোটি তরুণের প্রাণে আরও ছড়িয়ে পড়ে।” জিয়ারতকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছাত্রশিবিরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।