মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৬:০০ পিএম

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির প্রার্থী হিসেবে লড়াইয়ের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম ভারপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা রুপায়ন দেবে এর কাছ থেকে এই মনোনয়নপত্রটি গ্রহণ করেন।

দীর্ঘদিন পর দেশের মাটিতে ফিরে নিজের নির্বাচনী এলাকা থেকে সরাসরি লড়াইয়ে নামার এই খবরটি স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।মনোনয়নপত্র সংগ্রহের সময় চকরিয়া ও পেকুয়া এলাকার বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন। মনোনয়নপত্র গ্রহণ শেষে প্রেস সচিব ছফওয়ানুল করিম উপস্থিত সবার উদ্দেশে বলেন যে সালাহউদ্দিন আহমদ চকরিয়া-পেকুয়ার মানুষের ভাগ্য উন্নয়নে আজীবন কাজ করে গেছেন।

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান। সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক স্বচ্ছতা ও ত্যাগ এই আসনে বিএনপিকে একটি সুবিধাজনক অবস্থানে রাখবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।উল্লেখ্য যে গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ রেখে আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছে। সালাহউদ্দিন আহমদ বর্তমানে কেন্দ্রীয় রাজনীতিতে যেমন সক্রিয় রয়েছেন তেমনি নিজের নির্বাচনি এলাকা চকরিয়া ও পেকুয়ায় দীর্ঘকাল পর সংসদ সদস্য হিসেবে ফেরার লক্ষ্যে ব্যাপক জনমত গঠনে কাজ করছেন। তার এই মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে কক্সবাজারের রাজনীতিতে নতুন করে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।