ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:১০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়ার ৭টি আসনেই বিশাল জয় পেয়েছে ধানের শীষের প্রার্থীরা। বিশেষ করে বগুড়া-৬ (সদর) আসনে দলটির চেয়ারম্যান তারেক রহমান ১ লাখ ১৮ হাজার ৬৫৪ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর মাধ্যমে বগুড়ায় বিএনপির একক আধিপত্য আবারও প্রমাণিত হলো।
বগুড়া-৬ আসনে তারেক রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
এই আসনে মোট পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও অন্যদের প্রাপ্ত ভোট ছিল অত্যন্ত নগণ্য। সদরের ১৫০টি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রায় ৭০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বগুড়ার বাকি ৬টি আসনেও বিএনপির প্রার্থীরা জামায়াত প্রার্থীদের পরাজিত করেছেন। বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনে মীর শাহে আলম এবং বগুড়া-৩ আসনে আবদুল মহিত তালুকদার জয়ী হয়েছেন। এছাড়া বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন এবং বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোরশেদ মিল্টন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছেন।
নির্বাচনী ফলাফল ঘোষণার পর বগুড়া শহরসহ প্রতিটি উপজেলায় আনন্দ মিছিল বের করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা এই বিজয়কে তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াতে ইসলামীর সাথে ভোটের লড়াই থাকলেও ধানের শীষের প্রবল জোয়ারের সামনে অন্য কোনো প্রার্থী টিকতে পারেনি। বগুড়ার এই ‘ক্লিন সুইপ’ বিজয় জাতীয় রাজনীতিতে বিএনপির অবস্থানকে আরও শক্তিশালী করল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন