মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২২, ২০২৬, ০৮:৪৫ পিএম

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও অপতৎপরতার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় ছাত্রশক্তি। রবিবার সকালে রাজু ভাস্কর্য এলাকায় এই মিছিলের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। রাতে শাহবাগ থানা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এই আলটিমেটামের কথা জানান জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।

ছাত্রশক্তি নেতৃবৃন্দের অভিযোগ পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজের সুযোগ নিয়ে নিষিদ্ধ সংগঠনটি ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। জাহিদ আহসান বলেন রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের ব্যানারসহ মিছিল হওয়ার আট থেকে নয় ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। 

তারা স্পষ্ট জানিয়েছেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই মিছিলে অংশ নেওয়া চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয় ঢাবি প্রক্টর তাদের নিশ্চিত করেছেন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী নয় বরং তারা মহানগরের বহিরাগত নেতাকর্মী। বহিরাগতরা কীভাবে ক্যাম্পাস এলাকায় প্রবেশ করে মিছিল করার সাহস পেল তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসুর নীরবতায় হতাশা প্রকাশ করেন ছাত্র নেতারা। জাহিদ আহসান আরও বলেন আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে নির্যাতন ও নিপীড়নের যে রাজনীতি চলেছে তার উত্তরসূরিদের বাংলাদেশে আর কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে ছাত্রশক্তি সভাপতি বলেন সরকার বিভিন্ন ইস্যুতে কথা বললেও ছাত্রলীগকে দমনে এখন পর্যন্ত কঠোর কোনো বার্তা দেয়নি। রমজান মাসে ইফতার বা বিভিন্ন অজুহাতে তারা একত্রিত হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। জুলাই আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না উল্লেখ করে নেতারা জানান যেকোনো ফ্যাসিবাদের তৎপরতা রুখতে তারা রাজপথে সোচ্চার থাকবেন। শাহবাগ থানা পুলিশ অপরাধীদের গ্রেফতারে আশ্বাস দিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।