মার্চ ৩০, ২০২৬, ০৫:২৫ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে এই পদে লড়াই করার জন্য জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামকে মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, তারিকুল ইসলাম ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও প্রধান সংগঠক হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই মনোনয়ন চূড়ান্ত করার বিষয়টি গণমাধ্যমকে জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, তারিকুল ইসলাম কেবল একজন রাজপথের যোদ্ধা নন, বরং মেধাবী ছাত্রনেতা ও পেশাদার আইনজীবী হিসেবেও তাঁর সুনাম রয়েছে।
তারিকুল ইসলামের রাজনৈতিক ও শিক্ষা জীবনের ইতিহাস বেশ দীর্ঘ এবং সংগ্রামমুখর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সফলভাবে শিক্ষাজীবন সম্পন্ন করেন। ২০১৮ সালের আলোচিত কোটা সংস্কার আন্দোলনে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন এবং আন্দোলনের কারণে সেই সময় তাঁকে টানা ৪৮ দিন কারাবরণ করতে হয়েছিল। ২০১৯ সালের ডাকসু নির্বাচনসহ পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তিনি ছিলেন অগ্রসৈনিক।
বিশেষ করে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার এবং এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনে তিনি সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন। ২০২২ সালে আবরার ফাহাদের স্মরণ সভা থেকে দ্বিতীয়বার গ্রেফতার হয়ে ফের কারাবরণ করেন তিনি।বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করা তারিকুল ইসলাম ২০২৪ সালের জুলাই আন্দোলনে তাঁর কণ্ঠের তেজ এবং স্লোগানের জন্য ছাত্র-জনতার কাছে “স্লোগান মাস্টার” হিসেবে পরিচিতি পান।
আন্দোলনের পর গঠিত জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাকালীন নিউক্লিয়াসের অন্যতম সদস্য ছিলেন তিনি। বর্তমানে তিনি জাতীয় যুবশক্তির আহ্বায়কের পাশাপাশি এনসিপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে আইনজীবী হিসেবে কর্মরত এই তরুণ নেতা এবার কুমিল্লার স্থানীয় সরকার ব্যবস্থায় বড় ধরণের পরিবর্তনের স্বপ্ন নিয়ে নির্বাচনী মাঠে নামছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন