রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

সীমান্তে নতুন সমস্যা বীরত্বের সাথে মোকাবিলা করব: ডা. শফিক

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৮:৪৩ পিএম

সীমান্তে নতুন সমস্যা বীরত্বের সাথে মোকাবিলা করব: ডা. শফিক

ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সীমান্তে আমাদের অনেক সমস্যা বিদ্যমান রয়েছে। এর পাশাপাশি আরও নতুন নতুন সমস্যা উঁকিঝুঁকি দিচ্ছে। এসব সমস্যা যেন আমরা বীরত্বের সাথে মোকাবিলা করতে পারি, সেজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।

শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর মহানগরীতে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, আমরা এ দেশকে গভীরভাবে ভালোবাসি এবং এই দেশের কল্যাণে কিছু করতে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস, এই দেশ একদিন বদলে যাবেই। 

তিনি আরও বলেন, দেশকে ভালোবাসি বলেই শত প্রতিকূলতার মাঝেও আমরা কখনো দেশ ছেড়ে অন্য কোথাও যাইনি।দায়িত্ব পালনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের প্রত্যেককে সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ পাক হয়তো আমাদের বিরোধী দলে রেখেই পরীক্ষা করছেন। এই পরীক্ষায় আমাদের অবশ্যই বিজয়ী হতে হবে।

এর আগে সকালে একদিনের সফরে রংপুর পৌঁছান জামায়াত আমির। রংপুর সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করে মহানগর পুলিশ। সমাবেশে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন।