বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আমার সঙ্গে যে জুলুম করেছে তার সঙ্গেও ইনসাফ করতে চাই: এমপি মাসুদ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৭, ২০২৬, ১১:৩৩ এএম

আমার সঙ্গে যে জুলুম করেছে তার সঙ্গেও ইনসাফ করতে চাই: এমপি মাসুদ

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, অতীতে যারা তাঁর ওপর জুলুম করেছে, তিনি তাদের সঙ্গেও ইনসাফ করতে চান। বুধবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেখানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার সামগ্রী ও অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে দেড়শ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এই উপহার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ জানান, প্রধানমন্ত্রীর এই অনুদান দেশের সব সংসদ সদস্যই পেয়েছেন, তবে অনেকে তা জনগণের মাঝে সঠিকভাবে বণ্টন করছেন না। উপহার বিতরণের ক্ষেত্রে কোনো দল, ধর্ম বা বর্ণের বিবেচনা করা হয়নি, কেবল মানুষের অসহায়ত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে। 

বাউফলের প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে এই অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের যেকোনো ধরনের দুর্নীতি বা খালের উন্নয়ন প্রকল্পে অনিয়ম দেখলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।নম্রতাকে দুর্বলতা ভাবলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।সোশ্যাল মিডিয়ায় চলা বিভিন্ন কুৎসা ও অপমানের জবাব ভালো কাজের মাধ্যমে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই সংসদ সদস্য। 

বাউফলকে শান্ত রাখতে এবং কাদা ছোড়াছুড়ি বন্ধ করে একসঙ্গে উন্নয়নের কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল ও আইনজীবী মুজাহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।