সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৯:১৬ পিএম
জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদীয় নজরদারির এই দায়িত্বে তার অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে।
ড. শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্য। একইসঙ্গে তিনি দলটির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে তার অন্তর্ভুক্তিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন বাউফলের স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরি, তথ্যের অবাধ প্রবাহ রক্ষা এবং জাতীয় সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়নে তিনি সংসদীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখবেন।
পাশাপাশি বাউফল এলাকার দীর্ঘদিনের সংকটগুলো জাতীয় সংসদে তুলে ধরার দাবি রয়েছে স্থানীয়দের। বিশেষ করে নদীভাঙন রোধ, সড়ক যোগাযোগ ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে তিনি উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী। সংসদীয় এই স্থায়ী কমিটি মূলত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা, কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে নজরদারি এবং নীতিগত সুপারিশ প্রণয়নের কাজ পরিচালনা করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন