বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নেতাকর্মীদের নৈতিক স্খলন রোধে কঠোর অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ১০:০৭ এএম

নেতাকর্মীদের নৈতিক স্খলন রোধে কঠোর অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী

ছবি - সংগৃহীত

নেতাকর্মীদের মাঝে নৈতিক স্খলন রোধ এবং সাংগঠনিক শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি দলীয় এক সংসদ সদস্যের অনৈতিক ঘটনার পর টনক নড়েছে দলটির নীতিনির্ধারকদের। এ প্রেক্ষাপটে জেলা ও মহানগর আমিরদের কাছে পাঠানো পৃথক চিঠিতে ব্যক্তিগত ও সাংগঠনিক আচরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় না দেওয়ার নীতি গ্রহণ করেছে কেন্দ্র।সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনৈতিক ভিডিও ফাঁসের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনার পুনরাবৃত্তি রোধে দলের সব সংসদ সদস্যের কাছেও পৃথক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে নৈতিক স্খলন, ক্ষমতার অপব্যবহার, 

ত্রাণ বিতরণ ও সরকারি অনুদানে অনিয়ম বা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা, এমনকি বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে নড়াইল-২, পীরগঞ্জ-৬ এবং খুলনা-৬ আসনের কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধেও অনুদান ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ ওঠায় তাদের শোকজ করা হয়েছিল।

সাংগঠনিক এই কড়াকড়ির অংশ হিসেবে গত মাসে দলের সদস্যদের চাকরির বিষয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে যে গার্লস স্কুল, কলেজ বা মহিলা মাদ্রাসার মতো কেবল নারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করলে পুরুষ সদস্যদের রুকনপদ মুলতবি থাকবে। একইভাবে শুধু পুরুষ বা ছাত্রদের প্রতিষ্ঠানে কর্মরত নারী সদস্যদের রুকনপদও স্থগিত করা হবে। তবে উভয় লিংকের সহশিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনে কোনো বাধা নেই। জামায়াত নেতাদের মতে, নৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই নীতিমালা কার্যকর করা হচ্ছে।

এদিকে দলীয় এই নির্দেশনার পর তৃণমূল ও মধ্যম সারির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন যে এই সিদ্ধান্তের ফলে অনেক নেতাকর্মীর জীবিকা ও পেশাগত ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে। তবে দলের কেন্দ্রীয় নেতারা বলছেন যে ইসলামী আদর্শভিত্তিক সংগঠনের নৈতিক মানদণ্ড সমুন্নত রাখতে এই দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত অপরিহার্য ছিল।