বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

তুরস্ক সফরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ১২:১১ পিএম

তুরস্ক সফরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

তুরস্কের একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে বুধবার সকালে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালের একটি ফ্লাইটে তিনি তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন। যাত্রাকালে বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান দলের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

দলীয় সূত্র জানিয়েছে, তুরস্কের ঐতিহ্যবাহী ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ বা সিপিএসআর। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’।

আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ ও তুরস্ক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, আন্তর্জাতিক নীতি নির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও থিংকট্যাংকের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা ও বহুমাত্রিক সংস্কার নিয়ে বিশদ আলোচনা হওয়ার কথা রয়েছে। তুরস্কের এই আন্তর্জাতিক সম্মেলন শেষ করে বিরোধীদলীয় নেতা সৌদি আরবে গমন করবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। সফর ও ওমরাহ পালন শেষে আগামী ১১ অক্টোবর সকালে ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।