অক্টোবর ৩, ২০২৫, ০৩:৪৮ পিএম
গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা ইসরাইলের এই কাজকে 'জুলুমের চরম মাত্রা' বলে আখ্যায়িত করেছেন।শুক্রবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশটি আয়োজিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এই সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নির্যাতিত, অসহায় ও ক্ষুধার্ত গাজাবাসীর জন্য ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় ইসরাইলের অমানবিক আক্রমণ এবং মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার করার মধ্য দিয়ে জুলুমের চরম মাত্রা প্রকাশ করা হয়েছে।
বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইলের এই অমানবিক আক্রমণ বন্ধ না করলে প্রয়োজনে মুসলমানরা গাজী অভিমুখে মার্চ করতে বাধ্য হবে। তারা অবিলম্বে ত্রাণবাহী জাহাজ গাজায় পৌঁছানোর ব্যবস্থা করার দাবি জানান। পাশাপাশি, ইসরাইলি নির্যাতনের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত নেতারা।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা পল্টন মোড়, বিজয়নগরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন