রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ১১:৩১ পিএম

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে

আসন্ন জাতীয় নির্বাচনে ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে হবে। তিনি হুঁশিয়ারি দেন যে নির্বাচন নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ বা টালবাহানা জনগণ আর মেনে নেবে না।

বুধবার (৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে সদরপুর উপজেলা চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শহিদুল ইসলাম বাবুল বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সাধারণ জনগণ প্রস্তুত হয়ে আছে। তিনি দৃঢ়তার সঙ্গে মন্তব্য করেন, দেশে যদি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বিএনপির প্রার্থীই বিজয়ী হবে— এটা দেশের জনগণও জানে এবং সরকারও তা ভালোভাবে অবগত।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন আর মামলা-হামলা ও নির্যাতনের রাজনীতি দেখতে চায় না। দেশের মানুষ এখন শান্তি, ন্যায়বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন চায়।পথসভায় আরও উপস্থত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ অন্যান্য স্থানীয় নেতারা।