নভেম্বর ১৪, ২০২৫, ০৪:২৫ পিএম
কুরআন প্রেমী মানুষের হৃদয়ের খোরাক জোগাতে প্রতি বছরের ন্যায় এবারও রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক কিরাত সম্মেলন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আগামী ২৮ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় ২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৫ এর আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরা-এর উদ্যোগে এবং পিএইচপি ফ্যামিলির সার্বিক পৃষ্ঠপোষকতায় এই মহতী আয়োজনটি বাস্তবায়িত হতে যাচ্ছে।
এই সম্মেলনে সার্বিক সহযোগিতা প্রদান করছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। শুক্রবার আয়োজক সংস্থার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ হালিম খান ঢাকা জেলা প্রশাসক তানজিল আহমেদ ও বাংলাদেশ পুলিশের ডিআইজি এজাজ আহমেদ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও উপস্থিত থেকে কুরআন তিলাওয়াত শ্রবণ করবেন।এবারের সম্মেলনের মূল আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিরা। মিসরের বিখ্যাত কারি শায়খ আহমদ আল জাওহারি তুরস্কের শায়খ আবদুল ওয়ালি আরাকানি পাকিস্তানের কারি আনোয়ারুল হাসান শাহ বুখারি ইরানের কারি মাহদি গুলামনেজাদ এবং ফিলিপাইনের কারি মুহাম্মদ নাইর আসফার তাদের সুমধুর তিলাওয়াত দিয়ে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করবেন।
পুরো অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রখ্যাত কারি ও বিশ্বখ্যাত কারি শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী।উল্লেখ্য বাংলাদেশের বেতার ও টেলিভিশনের সাবেক প্রধান কারি এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম মাওলানা কারি মুহাম্মদ ইউসুফ কর্তৃক ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ইক্বরা সংস্থাটি গত ৩৪ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে এই আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজন করে আসছে।
শুদ্ধ ও সুমধুর স্বরে পবিত্র কুরআন তিলাওয়াতের সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং মানুষের মাঝে কুরআনের প্রতি ভালোবাসা জাগ্রত করতে এই সম্মেলন দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতি বছরই লাখো ধর্মপ্রাণ মুসল্লি এই সম্মেলনে অংশ নিয়ে থাকেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন