বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

শুক্রবার ঢাকায় কলরবের সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইশকের মেহফিল’

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ০৭:২৮ পিএম

শুক্রবার ঢাকায় কলরবের সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইশকের মেহফিল’

কলরব অনুষ্ঠান

রাজধানীতে আগামীকাল শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরবের বর্ষাকালীন বিশেষ আয়োজন ‘ইশকের মেহফিল’। ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। কলরব শিল্পীদের পরিবেশনায় হামদ, নাত, মরমি ও দেশাত্মবোধকসহ জনপ্রিয় বিভিন্ন সংগীতের সুর মূর্ছনায় মেতে উঠবেন দর্শক-শ্রোতারা।

অনুষ্ঠানে সংগীতের পাশাপাশি শিশু-কিশোরদের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে একটি বিশেষ ডিসপ্লেও উপস্থাপন করা হবে।সাংস্কৃতিক এই আয়োজনে সভাপতিত্ব করবেন কলরবের প্রধান পরিচালক হাজি রশিদ আহমাদ ফেরদৌস। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং প্রধান আলোচক হিসেবে থাকছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, মাওলানা গাজী আতাউর রহমান, পীরজাদা সাইদ উদ্দিন হানজালা এমপি, মুফতি শফিকুল ইসলাম ও তরুণ আলেম মুফতি রেজাউল করিম আবরারসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ।

কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান জানান, সংগীতপ্রেমীদের জন্য অত্যন্ত উপভোগ্য ও সুন্দর একটি আয়োজন উপহার দিতে তাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন।আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের দর্শক-শ্রোতাদের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে এই আয়োজনকে সফল করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। সংগীতের মাধ্যমে সুস্থ বিনোদনের বার্তা ছড়িয়ে দিতেই কলরবের এই বিশেষ উদ্যোগ।