মার্চ ১১, ২০২৬, ১১:৫৭ পিএম
দুনিয়ার মোহ, সম্পদের লালসা এবং মৃত্যুর মতো অবধারিত বাস্তবতাকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে জনপ্রিয় ইসলামী সঙ্গীতশিল্পী আবু রায়হানের নতুন গজল ‘ছলনা’। জীবন ও পরকালের আধ্যাত্মিক বার্তাবাহী এই নাশীদটি সম্প্রতি স্টুডিও ভোকালের অফিশিয়াল প্ল্যাটফর্ম থেকে মুক্তি পেয়েছে। গজলটির মরমী কথা লিখেছেন বিশিষ্ট গীতিকার হোসাইন নূর এবং এর হৃদয়স্পর্শী সুর করেছেন মাহমুদ ফয়সাল।
আধুনিক ও মানসম্মত সঙ্গীত পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন ইলিয়াস হাসান। মুক্তি পাওয়ার পর থেকেই গজলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মপ্রাণ শ্রোতাদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
পরিচালক জালাল আহমেদের নিপুণ নির্মাণশৈলীতে মিউজিক ভিডিওটিতে মানুষের মৃত্যুর ঠিক পরবর্তী মুহূর্তের দৃশ্যপট অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। ভিডিও চিত্রে দেখা যায় একদিকে যখন মৃত ব্যক্তির শেষ বিদায়ের প্রস্তুতি হিসেবে গোসল ও কবরের খনন কাজ চলছে, তখন অন্যদিকে তার ফেলে যাওয়া ঘরবাড়ি ও বিষয়-সম্পত্তি নিয়ে স্বজনদের ব্যস্ততা শুরু হয়েছে।
বিশেষ করে বৈষয়িক সম্পদের ভাগাভাগি নিয়ে মত্ত আপনজনদের মানসিকতা এখানে নিরেট সত্য হিসেবে উঠে এসেছে। ভিডিওতে ব্যবহৃত একটি সাদা কবুতরকে মানবাত্মার প্রতীকী উপস্থাপন হিসেবে দেখানো হয়েছে যা নশ্বর পৃথিবীর মায়া কাটিয়ে খাঁচা ছেড়ে অসীমের পানে ডানা মেলেছে।
সুরকার মাহমুদ ফয়সাল জানান যে দীর্ঘ সময় ও শ্রম ব্যয় করে এই গজলের সুরটি তৈরি করা হয়েছে এবং আবু রায়হানের কণ্ঠের জাদুতে এটি শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেবে। সঙ্গীত প্রেমীরা মনে করছেন এই গজলের মূল শিক্ষা হচ্ছে দুনিয়ার এই চাকচিক্যময় জীবন ক্ষণস্থায়ী এবং মৃত্যুর পর একমাত্র স্রষ্টা ছাড়া আপন বলতে আর কেউ থাকে না।
জীবনের অন্তিম যাত্রার প্রস্তুতির তাগিদ দেওয়া এই ভিডিওটি কেবল বিনোদন নয় বরং একটি শক্তিশালী সামাজিক বার্তাও প্রদান করছে। চমৎকার সম্পাদনা, শব্দ বিন্যাস এবং গভীর জীবনমুখী কথার কারণে ‘ছলনা’ এরই মধ্যে ইসলামিক সঙ্গীত অঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন