রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
স্কাউট সমাবেশ

ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো পঞ্চগড়ের স্কাউট সমাবেশ

আবু সালেহ মোঃ রায়হান

অক্টোবর ৪, ২০২৬, ১০:০৭ এএম

ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো পঞ্চগড়ের স্কাউট সমাবেশ

ছবি: দিনাজপুর টিভি

পঞ্চগড়ে বর্ণিল ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে সদর উপজেলা পঞ্চম স্কাউট সমাবেশ। শনিবার রাতে ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট চত্বরে আগুন জ্বালিয়ে গান, নৃত্য ও অভিনয়ে মুখরিত পরিবেশে পাঁচ দিনব্যাপী এই আয়োজনের ইতি টানা হয়। সমাপনী রাতে ক্যাম্প ফায়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ইমাম রাজী টুলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী কমিশনার মোহন মিনজির। এতে বক্তব্য দেন দিনাজপুর অঞ্চলের লিডার ট্রেইনার দীপক চন্দ্র সরকার, জেলা স্কাউট কমিশনার মো. নাসের বাবুল, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা কমিশনার ইয়াসমিন আরা, ক্যাম্প চিফ তাজউদ্দীন এবং উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. তাহেরুল ইসলাম। সমাপনী পর্বে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কেরামত আলীসহ ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই চত্বরে এই সমাবেশের সূচনা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাবেশ উদ্বোধন করেছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। সে সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা স্কাউট সভাপতি ফাহমিদা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ইউনিট লিডার পপি আক্তার পুরো পর্ব সঞ্চালনা করেন। উপজেলার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪টি দলের ৩৫২ জন স্কাউট সদস্য পাঁচ দিনের এই আয়োজনে অংশ নেন। তাদের সঙ্গে যুক্ত ছিলেন ৪৪ জন ইউনিট লিডার ও ৩৪ জন প্রতিষ্ঠানপ্রধান।

সমাবেশের দিনগুলোতে স্কাউট সদস্যদের জন্য বিভিন্ন ধরনের শারীরিক ও বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জের ব্যবস্থা রাখা হয়েছিল। কর্মসূচির ফাঁকে ফাঁকে আয়োজিত গ্রামীণ খেলাধুলায় পুরো প্রাঙ্গণ মাতিয়ে রাখেন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সভাপতি ও নাট্যকার অধ্যাপক মো. আব্দুর রহিম। সমাপনী দিনের ক্যাম্প ফায়ারে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট দল নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেয়। সাংস্কৃতিক পর্বের শুরুতে আমলাহার বালিকা উচ্চবিদ্যালয়ের স্কাউট দলের নৃত্যশিল্পীরা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানের তালে নৃত্য পরিবেশন করে। পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চবিদ্যালয়ের দল মঞ্চস্থ করে জুলু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য।

গলেহাহাট ফাযিল মাদরাসার শিক্ষার্থীরা পরিবেশন করে পরিবেশ সুরক্ষাবিষয়ক নাটক পশুর বয়ান। হাজী ছফির উদ্দীন গার্লস স্কুল অ্যান্ড কলেজের স্কাউটরা পরিবেশন করে কারার ঐ লৌহ কপাট গানের সঙ্গে নৃত্য। দশ মাইল বালিকা উচ্চবিদ্যালয়ের সদস্যরা পুতুলনাচ প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। দেওয়ানহাট উচ্চবিদ্যালয়ের দল এক আকাশের তারা গানের তালে নৃত্য পরিবেশন করে এবং নুরুন আলা নুর কামিল মাদরাসার স্কাউটরা পরিবেশন করে হামদ। গান, নাচ ও সমাজ সচেতনতামূলক নাটকের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই সমাবেশ।