মে ১৪, ২০২৬, ০৭:৩৫ পিএম
ইউটিউবভিত্তিক জনপ্রিয় ইসলামী সংগীত প্ল্যাটফর্ম হোলি টিউন চ্যানেলে প্রকাশিত হয়েছে প্রখ্যাত কণ্ঠশিল্পী আবু রায়হানের নতুন গজল মায়ার নবী। রসূল প্রেমের অনুপম আবহ ও ভাবগাম্ভীর্য ফুটিয়ে তোলা এই নাতে রাসুলটি শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
গজলটির শুরুতে একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের আবেগঘন আকুতি তুলে ধরা হয়েছে যিনি জীবনে পৃথিবীর কোনো আলো বা নিজেকে না দেখলেও মৃত্যুর আগে অন্তত একবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার পরম ইচ্ছা ব্যক্ত করেছেন।
এই সংগীতে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে হাশরের ময়দানে রাসুলের শাফায়াত পাওয়ার আশায় মুমিন হৃদয় ব্যাকুল হয়ে থাকে এবং নবীর প্রেমে অবিরত নাতে রাসুল লিখে যায়।
কামলিওয়ালা ও কাউসারওয়ালা প্রিয় নবীর ভালোবাসায় উম্মতের হৃদয় কতটা দেওয়ানা হতে পারে তা এই গজলের প্রতিটি চরণে প্রকাশ পেয়েছে। গজলটিতে প্রিয় নবীর ওপর বারবার দরুদ পড়ার গুরুত্ব দেওয়ার পাশাপাশি মদিনার পবিত্র রওজা পাকের প্রতি মুমিনের গভীর টান এবং সেই রওজার খুশবুতে হৃদয়কে সিক্ত করার ব্যাকুলতা তুলে ধরা হয়েছে। সংগীতের মাঝে একটি বর্ণনায় স্মরণ করিয়ে দেওয়া হয় যে আমাদের নবীজি সুগন্ধি অত্যন্ত পছন্দ করতেন এবং তিনি কখনো তা প্রত্যাখ্যান করতেন না আর তাঁর পবিত্র শরীর থেকে সবসময়ই মেশকের মতো সুগন্ধি নির্গত হতো।
কোনো আমল বা উসিলা না থাকলেও কেবল উম্মত হিসেবে যেন প্রিয় নবী তাকে কবুল করেন সেই বিনীত প্রার্থনা জানানো হয়েছে এই গজলে। প্রতিটি মুমিনের অন্তরে প্রিয় নবীকে স্বপ্নে দেখার যে লালিত স্বপ্ন থাকে তা ব্যক্ত করে গজলের শেষাংশে মহান আল্লাহর দরবারে এই পরম সৌভাগ্য অর্জনের জন্য আকুল প্রার্থনা করা হয় যা শ্রোতাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন