মে ২৪, ২০২৬, ০৫:০৭ পিএম
আগামীকাল সোমবার সকাল থেকে মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, আজ রাতেই মিনার উদ্দেশে রওনা দেবেন হাজিরা। বাংলাদেশি হজযাত্রীদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো।
হাজিদের মিনায় গমন নির্বিঘ্ন করতে সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে।শরীয়তের বিধান অনুযায়ী ৮ জিলহজ মিনায় অবস্থান করে হাজিরা ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপর ৯ জিলহজ তারা আরাফাতের ময়দানে সমবেত হবেন।
সেখানে মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়খ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি হজের খুতবা দেবেন। আরাফাতে জোহর ও আসরের নামাজ আদায় শেষে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন হাজিরা।৯ জিলহজ রাতে মুজদালিফায় উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন তারা।
পরদিন ১০ জিলহজ জামারায় কঙ্কর নিক্ষেপ, পশু কোরবানি ও মাথা মুণ্ডন শেষে হজের বাকি ধাপগুলো সম্পন্ন হবে। চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ৭৮ হাজার মানুষ হজ পালন করছেন। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালনের প্রস্তুতি নিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন