মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

সূর্য ঠিক কাবার ওপরে, মহাজাগতিক এ দৃশ্যের সাক্ষী হলো মক্কা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৩:৩৩ পিএম

সূর্য ঠিক কাবার ওপরে, মহাজাগতিক এ দৃশ্যের সাক্ষী হলো মক্কা

মক্কার পবিত্র কাবা প্রাঙ্গণ।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরী এক বিরল ও চোখ জুড়ানো মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৮ মিনিটে সূর্য পবিত্র কাবার ঠিক মাথার ওপরে অবস্থান করে। শতাব্দীর অন্যতম এই বিরল জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত ঘটনাটি বিশ্বজুড়ে মুসলিমদের জন্য কিবলার সঠিক দিক নিখুঁতভাবে নির্ধারণের একটি চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছে।

এই বিশেষ মুহূর্তে মক্কা নগরীতে খাড়াভাবে থাকা যেকোনো বস্তুর ছায়া প্রায় অদৃশ্য হয়ে যায়।জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালক প্রকৌশলী মাজেদ আবু জাহরা জানিয়েছেন, এই বিশেষ সময়ে সূর্য পবিত্র কাবার সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায়, যার কৌণিক পরিমাপ ছিল ৮৯.৯৪ ডিগ্রি। 

অর্থাৎ সূর্য পূর্ণ লম্বরেখা থেকে মাত্র ০.০৬ ডিগ্রি দূরে অবস্থান করছিল। বছরের নির্দিষ্ট সময়ে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যে সূর্যের আপাত বার্ষিক গতির কারণে এই ঘটনাটি বছরে দুইবার ঘটে থাকে। 

আধুনিক বিজ্ঞানের যুগে এর শিক্ষাগত মূল্য যেমন অপরিসীম, তেমনি প্রাচীনকাল থেকেই গবেষকেরা এই বিশেষ দিনটিকে বিভিন্ন দেশের মসজিদের দিক বা কিবলা সংশোধনের কাজে ঐতিহাসিকভাবে ব্যবহার করে আসছেন।

তথ্যসূত্র: সৌদি গেজেট