নভেম্বর ১৬, ২০২৫, ০২:১১ পিএম
বিসিবির ক্রিকেট কনফারেন্স অনুষ্ঠানে ফুটবল ও দেশের ফুটবলারদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন সংগীতশিল্পী ও বিসিবি কাউন্সিলর আসিফ আকবর।
তার সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
সেই চিঠির প্রেক্ষিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসিফের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এবং অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) বাফুফের চিঠির আনুষ্ঠানিক জবাব দেয় বিসিবি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত ওই চিঠিতে আসিফ আকবরকে ‘কাউন্সিলর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বিসিবি সভাপতি স্পষ্টভাবে লিখেছেন, “কোনো ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলন করে না। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদানকৃত বক্তব্যটি সম্পূর্ণ তার (আসিফের) ব্যক্তিগত অভিব্যক্তি এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসেবে গ্রহণ করা সংগত হবে না।
ফুটবল অঙ্গন ও সমর্থকদের আবেগের প্রতি সম্মান জানিয়ে বিসিবি সভাপতি চিঠিতে দুঃখপ্রকাশ করেছেন। তিনি লিখেন, “যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।” এর মাধ্যমে বিসিবি স্পষ্ট করে দিল যে, আসিফ আকবরের বিতর্কিত মন্তব্যটি বোর্ডের দাপ্তরিক কোনো দৃষ্টিভঙ্গি নয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন