শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

মুস্তাফিজকে আবারও দলে নিলো দুবাই ক্যাপিটালস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০৬:৫৭ পিএম

মুস্তাফিজকে আবারও দলে নিলো দুবাই ক্যাপিটালস

আইএল টি-টোয়েন্টিতে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দলে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে তাকে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে আসর শুরুর আগেই তাকে ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

এবার নাটকীয়ভাবে আবারও তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস, যা এক মৌসুমে দ্বিতীয়বার।

এর আগে মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তখন ধারণা করা হয়েছিল যে, একই সময়ে বাংলাদেশে বিপিএল থাকায় এই টুর্নামেন্টের জন্য 'ফিজ' প্রয়োজনীয় এনওসি (অনাপত্তি পত্র) পাচ্ছেন না, তাই তার বদলি নেওয়া হয়েছিল।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে জিএম রিতেশের বদলি হিসেবে এবার আবারও মুস্তাফিজকে দলে নিলো দুবাই ক্যাপিটালস।উল্লেখ্য, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবারই প্রথম আইএলটি-২০তে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন মুস্তাফিজ। এই টুর্নামেন্টে বাংলাদেশের আরও দুই ক্রিকেটারকে দেখা যাবে। নিলাম থেকে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ। নিলামে প্রথম ডাকে অবিক্রিত থাকলেও দ্বিতীয় ডাকে এমআই এমিরেটস ৪০ হাজার ডলারে দলে নিয়েছে সাকিবকে। অন্যদিকে, তাসকিন আহমেদকে ৮০ হাজার ডলারে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে আইএল টি-টোয়েন্টির পরবর্তী আসর এবং ফাইনাল হবে ৪ জানুয়ারি। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই ও শারজাহ ভেন্যুতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস ২ ডিসেম্বর ডেজার্ট ভাইপারসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে।