বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নতুন কোচ নিয়োগ দিল ঢাকা ক্যাপিটালস

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৪:৪০ পিএম

নতুন কোচ নিয়োগ দিল ঢাকা ক্যাপিটালস

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে অংশগ্রহণকারী ছয় দলই এখন ব্যস্ত সময় পার করছে। গত আসরে অংশ নেওয়া ঢাকা ক্যাপিটালস অংশ নিচ্ছে এবারের আসরেও। ফ্র্যাঞ্চাইজিটি ইতোমধ্যে প্রধান কোচ নিয়োগের পর এবার সহকারী কোচের নাম প্রকাশ করেছে।

বিপিএলের নতুন আসরের জন্য গোলাম মুর্তজাকে সহকারী কোচ হিসেবে যুক্ত করেছে ঢাকা ক্যাপিটালস। দেশের বিভিন্ন পর্যায়ের দলে কোচিং করানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।

গোলাম মুর্তজার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এই নিয়োগের মাধ্যমে ঢাকা ক্যাপিটালস তাদের কোচিং স্টাফে আরও বেশি দেশি অভিজ্ঞতার সমন্বয় নিশ্চিত করল।

এর আগে, ঢাকা ক্যাপিটালস বিপিএলের নতুন আসরের জন্য টবি রেডফোর্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। পাশাপাশি তারা পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়ে খেলাধুলার জগতে বড় চমক দেখিয়েছিল। মুর্তজা ছাড়া দলটির সিনিয়র সহকারী কোচ হিসেবে রয়েছেন মাহবুব আলি জ্যাকি।এদিকে, বিপিএল-এর জন্য ঢাকা ক্যাপিটালস শক্তিশালী একটি দল গঠন করেছে। নিলামের আগে তারা জাতীয় দলের তারকা খেলায়াড় তাসকিন আহমেদ, সাইফ হাসান ও আন্তর্জাতিক তারকা অ্যালেক্স হেলস এবং উসমান খানের সঙ্গে সরাসরি চুক্তি করে।

নিলাম থেকে দলে নেয় শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন ও দাসুন শানাকার মতো পরীক্ষিত ক্রিকেটারদের।ঢাকা ক্যাপিটালসের পুরো স্কোয়াড হলো: তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরি। অভিজ্ঞ কোচিং স্টাফ এবং শক্তিশালী স্কোয়াড নিয়ে ঢাকা ক্যাপিটালস এবার বিপিএল-এ ভালো কিছু করার প্রত্যাশা করছে।