ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:০২ পিএম
আসন্ন আইপিএল টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে নামার অপেক্ষায় আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। গত নিলামে তাকে বড় অঙ্কের ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগামী মার্চের শেষে শুরু হতে যাওয়া এই মেগা টুর্নামেন্ট নিয়ে যখন ক্রিকেট ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই সীমান্ত পেরিয়ে এলো এক অনাকাঙ্ক্ষিত হুমকি।
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা ঘোষণা দিয়েছেন যে মুস্তাফিজকে মাঠে নামানো হলে তারা স্টেডিয়ামে ঢুকে ভাঙচুর চালাবেন।
উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ এই হুমকির পেছনে বাংলাদেশের সাম্প্রতিক কিছু সহিংস ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি দাবি করেছেন যে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের প্রতিবাদে কোনো বাংলাদেশি খেলোয়াড়কে তারা ভারতের মাটিতে খেলতে দেবেন না। বিশেষ করে গত কয়েক সপ্তাহে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কলকাতা নাইট রাইডার্সকে বয়কট করার ডাক দিয়েছে কট্টরপন্থী একটি গোষ্ঠী। তারা সরাসরি জানিয়েছে যে তপস্বী যোদ্ধারা মাঠে ঢুকে খেলা পণ্ড করে দেবে।এদিকে মাঠের বাইরের এই অস্থিরতার পাশাপাশি মুস্তাফিজের আইপিএলে অংশ নেওয়ার বিষয়টি বিসিবির সিদ্ধান্তের ওপরও নির্ভর করছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন যে মুস্তাফিজের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট অপারেশন্স বিভাগ। কারণ এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ছয়টি সীমিত ওভারের ম্যাচ রয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম স্পষ্ট করেছেন যে দেশের আন্তর্জাতিক সিরিজকে অগ্রাধিকার দিয়ে মুস্তাফিজকে আইপিএলে খেলার অনাপত্তিপত্র প্রদান করা হবে। ফলে ধর্মীয় নেতাদের হুমকি আর জাতীয় দলের ব্যস্ততা সব মিলিয়ে ফিজের এবারের আইপিএল যাত্রা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন