শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

মুস্তাফিজের বিকল্প খুঁজে নিল ফ্র্যাঞ্চাইজি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:২৪ এএম

মুস্তাফিজের বিকল্প খুঁজে নিল ফ্র্যাঞ্চাইজি

ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে বল হাতে আগুন ঝরানো পারফরম্যান্সের পর দেশে ফিরেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। পুরো আসরের জন্য বিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় মাঝপথেই দুবাই ক্যাপিটালসের ডেরা ছাড়তে হয়েছে তাকে। মুস্তাফিজের এই বিদায়ের পর তাঁর শূন্যস্থান পূরণে নতুন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাদেশি এই কাটার মাস্টারের বিকল্প হিসেবে কানাডিয়ান পেসার কলিম সানাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে যে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে মুস্তাফিজের পরিবর্তে জিএসএল তারকা কলিম সানা খেলবেন আইএল টি-টোয়েন্টিতে এবার মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত ছন্দে।

আসর ছাড়ার আগ পর্যন্ত তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের তালিকায় নিজের নাম লিখিয়েছিলেন। মাত্র ৮টি ম্যাচ খেলে ৮.০৮ ইকোনমি রেটে মোট ১৫টি উইকেট শিকার করেছেন ফিজ। তাঁর কার্যকর বোলিং অনেক ম্যাচেই দুবাই ক্যাপিটালসকে চালকের আসনে বসিয়েছিল। টুর্নামেন্টের মাঝপথে মুস্তাফিজের চলে আসা দলের জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ পুরো আসর খেলার সুযোগ পেলে তিনি হয়তো সর্বোচ্চ উইকেটশিকারির মাইলফলক স্পর্শ করতে পারতেন।

মূলত ২৩ ডিসেম্বর পর্যন্ত ফিজের অনাপত্তিপত্র থাকলেও ২৪ তারিখের ম্যাচটি খেলে তিনি বাংলাদেশে ফেরেন। সামনে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে যাওয়ায় বিসিবি তাঁকে দ্রুত ফেরার নির্দেশ দেয়। এবারের বিপিএলে মুস্তাফিজ রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন। জাতীয় দলের ব্যস্ততা এবং বিপিএলের প্রস্তুতির কথা মাথায় রেখেই মূলত বোর্ড তাঁকে আইএল টি-টোয়েন্টির বাকি অংশ খেলার অনুমতি দেয়নি। এখন দেখার বিষয় ফিজের বদলি হিসেবে আসা কলিম সানা দুবাই ক্যাপিটালসের হয়ে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন।