শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সিটিকে হটিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরল আর্সেনাল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ১১:৩৭ এএম

সিটিকে হটিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সিংহাসন নিয়ে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। শনিবার রাতে নটিংহ্যামের বিপক্ষে সিটির জয়ের পর টেবিলের শীর্ষে ওঠার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি আর্সেনাল।

নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-১ গোলে হারিয়ে পেপ গার্দিওলার দলকে সরিয়ে আবারও লিগ টেবিলের চূড়ায় আরোহণ করেছে মিকেল আর্তেতার শিষ্যরা।

দাপুটে ফুটবল খেলে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল গানার্সরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা আর্সেনাল লিড নিতে খুব বেশি সময় নেয়নি।

১৪ মিনিটে বুকায়ো সাকার পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে জালে বল জড়ান অধিনায়ক মার্টিন ওডেগোর। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্থের ৫২ মিনিটে ডেক্লান রাইসের কর্নার কিক প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ব্রাইটনের জর্জে। এই আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পেতে শুরু করে আর্সেনাল। শিরোপা প্রত্যাশী দলটি প্রথমার্ধ থেকেই মাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখেছিল।দুই গোল পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাইটন।

৬৪ মিনিটে দিয়েগো গোমেস গোল করে ব্যবধান ২-১ এ কমিয়ে আনলে ম্যাচটিতে নতুন উত্তেজনা যোগ হয়। সমতায় ফিরতে আক্রমণের ধার বাড়ায় সফরকারীরা। বিশেষ করে ৭৬ মিনিটে ইয়ানকুবার একটি নিশ্চিত গোল বাজি পাখির মতো উড়ে গিয়ে এক হাতে ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া।

শেষ পর্যন্ত রক্ষণের দৃঢ়তায় পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে গানার্সরা। এই জয়ে ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রতে ৪২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে এবার আর কোনো ভুল করতে রাজি নয় আর্তেতার দল।