ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:১৬ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে আজ ক্রিকেটের সবচেয়ে বড় মহারণে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। মাঠের এই মহাযুদ্ধের পেছনে রয়েছে প্রবল রাজনৈতিক উত্তাপ।
বিশেষ করে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করাকে কেন্দ্র করে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের হুমকি এবং পরবর্তীতে আইসিসি ও সংশ্লিষ্ট দেশগুলোর সমঝোতার মাধ্যমে এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
দুই দলই তাদের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। আজকের ম্যাচে যে দল জিতবে, তাদের সুপার এইটের টিকিট নিশ্চিত হয়ে যাবে। পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও পাকিস্তান লড়াকু ক্রিকেট খেলার ইঙ্গিত দিয়েছে। ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মারকুটে ওপেনার অভিষেক শর্মার অসুস্থতা, যিনি পেটের সংক্রমণের কারণে আজকের ম্যাচে অনিশ্চিত।
অন্যদিকে পূর্ণ শক্তির দল নিয়ে নামছে পাকিস্তান। ম্যাচে ব্যক্তিগত লড়াইগুলোও বেশ জমে উঠবে; বিশেষ করে বাবর আজম বনাম কুলদীপ যাদব এবং শাহিন আফ্রিদি বনাম ইশান কিশানের লড়াই হবে দেখার মতো। জাসপ্রিত বুমরাহকে গতবার টানা দুটি ছক্কা মেরে আলোচনায় আসা সাহিবজাদা ফারহানও থাকবেন আকর্ষণের কেন্দ্রে।
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে ১৬ বারের দেখায় ১৩ বারই জিতেছে ভারত। বিশ্বকাপের ৮ দেখায় পাকিস্তান জিতেছে মাত্র ১ বার। তবুও ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অনিশ্চয়তা আর টানটান উত্তেজনা। কলম্বোর আকাশে আজ ক্রিকেট বিশ্বের নজর থাকবে কে প্রথম দল হিসেবে সুপার এইটের টিকিট নিশ্চিত করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন