শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপে কত ম্যাচ জিতবে বাংলাদেশ, জানালেন অধিনায়ক

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৭:৩৬ পিএম

বিশ্বকাপে কত ম্যাচ জিতবে বাংলাদেশ, জানালেন অধিনায়ক

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য এখন জয়সংখ্যা বাড়ানো। সর্বশেষ দুবাই বিশ্বকাপে এক ম্যাচ জেতা টাইগ্রেসরা এবার অন্তত ৩টি জয়ের স্বপ্ন দেখছে। মূল পর্বের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

দলের পারফর্মারদের সংখ্যা আগের চেয়ে বেড়েছে বলে জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, আগে দল নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন অনেকেই অবদান রাখছে।

 খেলোয়াড়দের মধ্যে ম্যাচ জেতার ক্ষুধা প্রবল। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে জয়ের রেকর্ড দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। মূলত নেদারল্যান্ডস ও পাকিস্তানকে টার্গেট করে জয়ের ছক কষছে বাংলাদেশ।

গ্রুপ পর্বের শুরুটা হবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েট প্রতিপক্ষকেও চ্যালেঞ্জ জানানোর মানসিক প্রস্তুতি রয়েছে টাইগ্রেসদের। স্কোয়াডের পেস বোলিং আক্রমণ নিয়ে জ্যোতি জানান, মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা গত ছয় মাস ধরে দলের প্রধান শক্তি হিসেবে কাজ করছেন। ২৮ মে থেকে ত্রিদেশীয় সিরিজ শেষে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।