জুন ১৪, ২০২৬, ০৭:০৯ পিএম
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। বার্মিংহ্যামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচেই ডাচদের অনায়াসে পরাজিত করে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাঘিনীরা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও প্রতিপক্ষ দলের ব্যাটাররা বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত ও বৈচিত্র্যময় বা বোলিংয়ের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে পুরোপুরি ব্যর্থ হয়।
প্রতিপক্ষের দেওয়া ১৪০ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ৪টি উইকেট হারিয়ে ৫টি বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে ডাচ নারীরা। দলের পক্ষে ওপেনার হিদার সিগার্স ১৬ এবং ফেবে মোলকেনবার ১১ রান করে দ্রুত বিদায় নিলে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা।
তবে অন্য প্রান্ত আগলে রেখে নেদারল্যান্ডস অধিনায়ক বাবেট ডি লিড ৪৫ বলে ৫টি চারের সাহায্যে একাই দায়িত্বশীল ৫০ রানের চমৎকার ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে মারুফা আক্তার ২টি এবং ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি ১টি করে উইকেট শিকার করেন।জবাব দিতে নেমে বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতেই মাঠের চারদিকে স্ট্রোকের ফুলঝুরি ফুটিয়ে বিধ্বংসী শুরু করেন জুয়াইরিয়া ফেরদৌস।
মাত্র ৩৩ বলে ৭টি চার ও ২টি দর্শনীয় ছক্কায় ঠিক ৫০ রান পূর্ণ করার পরপরই সাজঘরে ফেরেন এই ইনফর্ম ওপেনার। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ক্রিজে এসেই শূন্য রানে এবং দিলারা আক্তার ২৩ বলে ২৬ রান করে বিদায় নিলে ইনিংসে কিছুটা ম্লান ভাব চলে আসে। তবে শেষ দিকে শারমিন আক্তার অপরাজিত ৩৭ এবং স্বর্ণা আক্তার ১৮ রান করে অত্যন্ত ঠান্ডা মাথায় ৫৬ রানের একটি অবিচ্ছিন্ন ম্যাচজয়ী জুটি গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের প্রথম জয় নিশ্চিত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন