রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৫ গোলের ম্যাচে জিতল পিএসজি

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১০:৪২ এএম

৫ গোলের ম্যাচে জিতল পিএসজি

পিএসজির নাটকীয় জয়

মোনাকোর বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। ম্যাচের শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৫ গোলের এই রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজির হয়ে জয়ের নায়ক ছিলেন দিজিয়ে দুয়ে। রিয়াল মাদ্রিদের মতো প্লে-অফের প্রথম লেগ জিতে মাঠ ছাড়ল লুইস এনরিকের শিষ্যরা।

খেলার শুরুটা ছিল পুরোপুরি মোনাকোর নিয়ন্ত্রণে। আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের মাত্র ১৮ মিনিটের মাথায় ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। মোনাকোর পক্ষে জোড়া গোল করেন ফোলারিন বালোগুন। 

দ্রুত দুই গোল হজম করে পিএসজি চাপে পড়লেও দমে যায়নি। ম্যাচের ২৯ মিনিটে দিজিয়ে দুয়ে গোল করে ব্যবধান কমিয়ে পিএসজিকে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন। বিরতির ঠিক আগে ৪১ মিনিটে আশরাফ হাকিমি গোল করলে ২-২ সমতায় ফেরে প্যারিসের ক্লাবটি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে মোনাকোর জন্য বড় ধাক্কা হয়ে আসে আলেক্সান্ডার গোলোভিনের লাল কার্ড। ১০ জনের মোনাকোকে পেয়ে খেলার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। একের পর এক আক্রমণে মোনাকোর রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা। অবশেষে ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন দিজিয়ে দুয়ে। ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর রক্ষণভাগ শক্ত করে সেই লিড ধরে রাখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এই জয়ের ফলে পিএসজি তাদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে মানসিকভাবে অনেকটা এগিয়ে গেল। মোনাকো শুরুতেই আধিপত্য বিস্তার করলেও ১০ জনের দলে পরিণত হওয়ার খেসারত দিতে হয়েছে তাদের। অন্যদিকে, পিছিয়ে পড়েও এমন ঘুরে দাঁড়ানো পিএসজি সমর্থকদের মধ্যে নতুন করে আশার আলো সঞ্চার করেছে। ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, ১০ জনের প্রতিপক্ষের বিপক্ষে পিএসজির কৌশলী ফুটবলই এই জয়ের মূল চাবিকাঠি ছিল।