ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:৫৭ এএম
জার্মানির জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। বুধবার বিকেলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম। ওজিলের এই সফরে তাঁর সঙ্গী হিসেবে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান।
মূলত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিতেই তাঁরা বাংলাদেশে এসেছেন। ঢাকা সফরের প্রথম পর্যায়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তুরস্ক সরকারের উন্নয়ন সংস্থা টীকা এই মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের দায়িত্ব পালন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং টীকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন উপস্থিত ছিলেন।
ছাত্র সংসদের সদস্যরা জানান যে, টীকা নামক তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার আমন্ত্রণে তাঁরা বাংলাদেশে এসেছেন এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের মানোন্নয়নে সরাসরি ভূমিকা রাখছেন।উদ্বোধন শেষে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডাকসুর সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি শেষ করে এই বিশ্বকাপজয়ী ফুটবলার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন।
সেখানে তিনি মানবিক সহায়তা ও জনহিতকর বিভিন্ন কাজে অংশ নেবেন। বিশ্বখ্যাত এই ফুটবলারের ঝটিকা সফর এবং মানবিক কাজে সরাসরি সম্পৃক্ততা দেশের তরুণ প্রজন্ম ও ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। টীকা ফাউন্ডেশনের মাধ্যমে তুরস্ক সরকার বাংলাদেশের বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন