ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০২:২৮ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আফগানিস্তানের। তবে টুর্নামেন্টের শেষটা অন্তত জয়ের রঙে রাঙাতে পেরেছে রশিদ খানের দল। আসরে নিজেদের শেষ ম্যাচে কানাডাকে ৮২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সান্ত্বনা নিয়ে মাঠ ছেড়েছে আফগানরা।
এর আগের ম্যাচেও তারা সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করেছিল। টানা দুই জয়ে বিশ্বকাপের মিশন শেষ করল যুদ্ধবিধ্বস্ত দেশটি।চেন্নাইয়ে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে ইতিহাস গড়েছে আফগানিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তারা ২০০ রানের মাইলফলক স্পর্শ করেছে। নির্ধারিত ২০ ওভারে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২০০ রান। দলের এই বিশাল সংগ্রহের মূল কারিগর ছিলেন ওপেনার ইব্রাহিম জাদরান। তিনি ৫৬ বলে ৯৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। এটিই এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে কোনো আফগান ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
অন্য ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৩০ রান করেন এবং সেদিকউল্লাহ আতাল ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন।জবাবে ২০১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে কানাডা। ৯ ওভারের মধ্যে মাত্র ৪৮ রান তুলতেই তারা ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়। কানাডার পক্ষে হর্শ ঠাকার সর্বোচ্চ ৩০ রান করলেও অন্য কোনো ব্যাটসম্যান বড় কোনো অবদান রাখতে পারেননি। দলটির ইনিংস শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১৮ রানেই থমকে যায়। আগের ম্যাচে সেঞ্চুরি করা যুবরাজ সামরা এই ম্যাচে মাত্র ১৭ রানে সাজঘরে ফেরেন।
আফগান বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। তিনি ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন, যা তার ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। তাকে যোগ্য সহায়তা করেছেন অধিনায়ক রশিদ খান। তিনি ১৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। আসর থেকে বিদায় নিলেও রেকর্ড গড়া এই জয় আফগানিস্তান ক্রিকেট দলের জন্য এক বড় প্রাপ্তি হিসেবেই গণ্য হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন