বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৮:০২ পিএম

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

বিজয়ী বাংলাদেশ দল

এশিয়া কাপ রাইজিং স্টারস ক্রিকেটে নিজেদের আধিপত্য বজায় রেখে ফাইনালে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে ফাহিমা খাতুনের দল। এই জয়ের ফলে আসরের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠল বাংলাদেশ। 

শিরোপা নির্ধারণী ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারত ‘এ’ দল। এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 

তবে ইনিংসের শুরুতে বড় সংগ্রহের আশা জাগালেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানেই থেমে যায় টাইগ্রেসদের ইনিংস। যদিও স্কোরবোর্ড খুব বেশি সমৃদ্ধ ছিল না কিন্তু বাংলাদেশের বোলারদের বিধ্বংসী আক্রমণের সামনে এই সামান্য রান তাড়া করতেই হিমশিম খায় পাকিস্তান। 

মাত্র ৩০ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। শুরুর সেই ধাক্কা সামলে ওঠার কোনো সুযোগই পাননি পাকিস্তানি ব্যাটাররা। শেষ পর্যন্ত ১৬ দশমিক ৪ ওভারে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। তিনি মাত্র ৬ রান খরচ করে শিকার করেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। তাকে যোগ্য সহায়তা দেন অধিনায়ক ফাহিমা খাতুন যিনি সমান ৬ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। এছাড়া ফারিহা তৃষ্ণা ও ফাতেমা জাহান একটি করে উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার এবং হাফসা খালিদ করেন ১২ রান।

আগামীকাল ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। উল্লেখ্য যে ২০২৩ সালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম আসরেও ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি নতুন ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ রয়েছে টাইগ্রেসদের সামনে। সেমিফাইনালের এই দাপুটে জয় ফাইনালে নামার আগে বাংলাদেশি মেয়েদের আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।