শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

জোড়া গোল করে সমালোচকদের মুখ বন্ধ করলেন নেইমার

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১১:২৭ এএম

জোড়া গোল করে সমালোচকদের মুখ বন্ধ করলেন নেইমার

নেইমারের গোল উদযাপন

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার তার ফুটবলীয় নৈপুণ্যে আবারও আলোচনায় এসেছেন। সাম্প্রতিক সময়ে চোট, সমালোচনা আর নানামুখী গুঞ্জনের মধ্য দিয়ে সময় পার করলেও মাঠের পারফরম্যান্সে তার উপযুক্ত জবাব দিয়েছেন তিনি। ব্রাজিলের শীর্ষ লিগ ব্রাসিলেইরো সিরি আ-তে নেইমারের জোড়া গোলে ভাস্কো দা গামাকে ২-১ ব্যবধানে হারিয়েছে সান্তোস। 

এই জয়ের ফলে চলতি মৌসুমে সান্তোস তাদের প্রথম জয়ের দেখা পেল। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের ১৩তম অবস্থানে উঠে এসেছে।

ঘরের মাঠ ভিলা বেলমিরোয় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল সান্তোস। ম্যাচের ২৫ মিনিটে ডান দিক থেকে আসা একটি আক্রমণ থেকে বক্সের ভেতর বল পেয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন নেইমার। গোলের পর গ্যালারির দিকে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করে তিনি সমালোচকদের যেন একটি কড়া বার্তা দেন। 

তবে বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে মাঝমাঠের একটি ভুলের সুযোগ নিয়ে ভাস্কো দা গামা সমতা ফেরায়। এতে কিছুটা চাপে পড়লেও দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে আবারও নেইমার ম্যাজিক দেখা যায়। বক্সের বাইরে থেকে সতীর্থের সঙ্গে বল বিনিময় করে জোরালো শটে নিজের দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন তিনি।দীর্ঘ সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর এটিই নেইমারের সবচেয়ে প্রভাবশালী পারফরম্যান্স। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মাঠে ফিরলেও শুরুতে তিনি পূর্ণ ফিট ছিলেন না। 

এর আগে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপ থেকে সান্তোস বিদায় নেওয়ায় নেইমারের ফিটনেস ও জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে এই জোড়া গোলের মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে সেরা ছন্দে ফেরার পথে রয়েছেন। ম্যাচ শেষে নেইমার জানান যে ফুটবল এমনই, যেখানে এক দিন খারাপ খেললে সমালোচনা হয় এবং অন্য দিন ভালো খেললে নায়ক হওয়া যায়। শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, এখনো পূর্ণ ৯০ মিনিট খেলা তার জন্য চ্যালেঞ্জিং এবং মাংসপেশিতে কিছুটা টান অনুভব করলেও এটি স্বাভাবিক প্রক্রিয়া।