ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:২৯ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জিম্বাবুয়ে। তবে এই হারের ম্যাচেও ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান এবং ১০০ উইকেটের বিরল এক মাইলফলক স্পর্শ করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে তিনিই প্রথম ক্রিকেটার হিসেবে এই অনন্য ডাবল অর্জনের গৌরব অর্জন করলেন।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই রাজার ঝুলিতে ১০০ উইকেটের মাইলফলক জমা ছিল। তবে ৩ হাজার রানের অভিজাত ক্লাবে ঢুকতে তার প্রয়োজন ছিল মাত্র ১৫ রান।
ইনিংসের এক পর্যায়ে অক্ষর প্যাটেলকে বাউন্ডারি মেরে এই কীর্তি স্পর্শ করেন তিনি। ৩১ রানের ইনিংস খেলে মাঠ ছাড়ার সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার মোট রান দাঁড়ায় ৩ হাজার ১৬। এর আগে জিম্বাবুয়ের এই অলরাউন্ডার বল হাতে ১০৪টি উইকেট শিকার করেছিলেন। রাজার আগে এই রেকর্ডটি ছিল কেবল মালয়েশিয়ার বিরানদীপ সিংয়ের দখলে। তিনি ১১১ ম্যাচে ৩ হাজার ১৮০ রান এবং ১০৯ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন।সিকান্দার রাজা এখন টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রান করা ১৪তম ব্যাটার।
এই তালিকায় তিনি বাবর আজম, বিরাট কোহলি, রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারের মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিয়েছেন। রাজার এই ব্যক্তিগত সাফল্যের দিনে জিম্বাবুয়ের হয়ে ব্রায়ান বেনেট অপরাজিত ৯৭ রানের এক লড়াকু ইনিংস খেললেও দলের বড় পরাজয় আটকাতে পারেননি। ভারতের কাছে ৭২ রানে হেরে যাওয়ায় বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে শেষ পর্যন্ত ছিটকে গেছে জিম্বাবুয়ে। দলগতভাবে হতাশাজনক বিদায় ঘটলেও সিকান্দার রাজার এই ব্যক্তিগত অর্জন ক্রিকেট বিশ্বে দীর্ঘকাল চর্চিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন