মার্চ ১৮, ২০২৬, ০৯:৪৪ পিএম
এএফসি নারী এশিয়ান কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান ফুটবলের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও জাপান। বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে উত্তর কোরিয়াকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শক্তিশালী জাপান।
এর আগে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আসরের অন্যতম ফেভারিট চীনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে স্বাগতিক অস্ট্রেলিয়া। আগামী ২১ মার্চ সিডনির ফুটবল স্টেডিয়ামে এশীয় ফুটবলের এই শ্রেষ্ঠত্বের লড়াই অনুষ্ঠিত হবে।
এশীয় নারী ফুটবলের ইতিহাসে এই দুই দলের লড়াই এখন এক চিরায়ত দ্বৈরথে পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে গত চারটি আসরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও জাপান। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল জাপান।
তবে এবার স্বাগতিক হওয়ার সুবাদে নিজ দেশের সমর্থকদের সামনে ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। অন্যদিকে জাপানের লক্ষ্য তাদের মহাদেশীয় আধিপত্য বজায় রাখা।সেমিফাইনাল ম্যাচে জাপানের গতিশীল ও আক্রমণাত্মক ফুটবলের সামনে দাঁড়াতে পারেনি উত্তর কোরিয়া। প্রথমার্ধ থেকেই দাপুটে ফুটবল খেলে তারা বড় জয় তুলে নেয়। অন্যদিকে অস্ট্রেলিয়া এবং চীনের ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
শেষ মুহূর্ত পর্যন্ত স্নায়ুচাপ ধরে রেখে ২-১ গোলের ঘামঝরানো জয় পায় স্বাগতিকরা। ফুটবল প্রেমীদের নজর এখন ২১ মার্চের ফাইনালের দিকে কারণ দুই দলেই রয়েছে বিশ্বমানের একাধিক খেলোয়াড় যারা যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। সিডনির এই ফাইনালকে কেন্দ্র করে এরই মধ্যে ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন