মার্চ ৩১, ২০২৬, ০৭:০৪ পিএম
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন লাহোর কালান্দার্সের অভিজ্ঞ ওপেনার ফখর জামান। করাচি কিংসের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে বল টেম্পারিং বা বলের আকৃতি বিকৃত করার অভিযোগে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই শাস্তির ফলে পিএসএলের চলতি আসরে বড় ধাক্কা খেল তার দল লাহোর কালান্দার্স।
গত ২৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে আম্পায়াররা বলের অস্বাভাবিক অবস্থা লক্ষ্য করার পরই এই বিতর্কের সূত্রপাত হয়।
ম্যাচ চলাকালীন করাচি কিংসের ইনিংসের শেষ ওভারের ঠিক আগে মাঠের আম্পায়াররা বলটি পরীক্ষা করে দেখেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, ফখর জামান, অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি এবং পেসার হারিস রউফ নিজেদের মধ্যে কথা বলার সময় ফখর ও রউফ বলটি নাড়াচাড়া করছেন।
আম্পায়াররা তাৎক্ষণিকভাবে বলের কন্ডিশনে বড় ধরনের অসঙ্গতি খুঁজে পান এবং এর দায় বর্তায় লাহোর কালান্দার্সের ওপর। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পিসিবি তাদের আচরণবিধির ২.১৪ ধারা অনুযায়ী ফখর জামানকে দোষী সাব্যস্ত করে। এটি একটি লেভেল-৩ পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।অপ্রীতিকর এই ঘটনার পরপরই শাস্তিস্বরূপ লাহোর কালান্দার্সকে ৫ রান জরিমানা করা হয় এবং আম্পায়াররা দ্রুতই বল পরিবর্তনের নির্দেশ দেন। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, খেলার মাঠে সততা বজায় রাখতে এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
দুই ম্যাচের এই নিষেধাজ্ঞার কারণে লাহোর কালান্দার্সের ব্যাটিং লাইনআপে বড় পরিবর্তন আনতে হতে পারে। এই ঘটনা ক্রিকেট বিশ্বে নতুন করে বল টেম্পারিং নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। লাহোর কালান্দার্স কর্তৃপক্ষের পক্ষ থেকে এই শাস্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পিএসএলের মতো বড় আসরে এমন শৃঙ্খলাভঙ্গকে সহজভাবে নিচ্ছে না ক্রিকেট সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন