এপ্রিল ১, ২০২৬, ০৯:৫৮ পিএম
থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশ স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে দারুণ লড়াই করেও হার মানতে হয়েছে বাংলাদেশকে। ফিফা র্যাঙ্কিং ও শক্তিমত্তায় এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় থাই কিশোরীরা।
বাংলাদেশের হয়ে এদিন একাই দুটি গোল করেন ফরোয়ার্ড মোসাম্মাৎ সাগরিকা। ম্যাচের ৩৬তম মিনিটে দলকে লিড এনে দেন তিনি। বিরতির পর ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলার। এশিয়ার শক্তিশালী দলের বিপক্ষে এমন লিড জয়ের স্বপ্ন দেখাচ্ছিল পিটার বাটলারের শিষ্যদের।
তবে ম্যাচের চিত্র পাল্টে যায় শেষ বিশ মিনিটে। ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করে ব্যবধান কমায় থাইল্যান্ড। এর ঠিক সাত মিনিট পর ৭৬ মিনিটে আবারও পেনাল্টি পায় তারা, যা থেকে সমতায় ফেরে স্বাগতিকরা।
বাংলাদেশের রক্ষণের ওপর প্রবল চাপ সৃষ্টি করে ৭৯ মিনিটে জয়সূচক গোলটিও আদায় করে নেয় থাইল্যান্ড। মাত্র ১০ মিনিটের ঝড়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়।থাইল্যান্ডের বিপক্ষে হারের পর বাংলাদেশের পরবর্তী লক্ষ্য এখন দ্বিতীয় ম্যাচ।
আগামী শনিবার টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী চীনের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে হারলেও সাগরিকার ব্যক্তিগত পারফরম্যান্স দলের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরের ম্যাচে ভুলগুলো শুধরে মাঠে নামতে বদ্ধপরিকর ফুটবলাররা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন