এপ্রিল ২, ২০২৬, ১০:৪৯ এএম
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপের ২০২৬ আসরের চূড়ান্ত সূচি ও গ্রুপিং আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। পরশু রাতে ইউরোপীয় ও আন্তমহাদেশীয় প্লে-অফ ম্যাচগুলো শেষ হওয়ার পর ৪৮টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ফিফার এই নতুন ফরম্যাটের বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে। উদ্বোধনী ম্যাচে ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা এই ফুটবল উৎসবের সমাপ্তি ঘটবে ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সিতে অনুষ্ঠিতব্য মেগাফাইনালের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮টি দল ১২টি ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শিরোপার লড়াইয়ে নামবে।
গ্রুপিং বিশ্লেষণে দেখা গেছে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্থান পেয়েছে গ্রুপ জে-তে। আলবিসেলেস্তেদের সঙ্গে এই গ্রুপে লড়াই করবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে গ্রুপ সি-তে। সেলেসাওদের প্রতিপক্ষ হিসেবে থাকছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল গ্রুপ কে-তে কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার মুখোমুখি হবে। এছাড়া গ্রুপ আই-তে ফ্রান্সের সঙ্গে রয়েছে সেনেগাল, ইরাক ও নরওয়ে। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া খেলবে গ্রুপ এল-এ। শক্তিশালী জার্মানি ই গ্রুপে এবং নেদারল্যান্ডস এফ গ্রুপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামবে। স্বাগতিক যুক্তরাষ্ট্র গ্রুপ ডি-তে এবং কানাডা গ্রুপ বি-তে প্রতিদ্বন্দ্বিতা করবে।সূচি অনুযায়ী গ্রুপ পর্বের খেলাগুলো ১১ জুন থেকে শুরু হয়ে চলবে ২৮ জুন পর্যন্ত।
প্রতিদিন একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে যা বাংলাদেশ সময় অনুযায়ী রাত, ভোর ও সকালের বিভিন্ন সময়ে সরাসরি সম্প্রচার করা হবে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচগুলো দেখার জন্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভোরের দিকে চোখ রাখতে হবে টিভি পর্দায়। যেমন ১৪ জুন ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে নামবে ব্রাজিল এবং ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২৮ জুন প্রথম পর্ব শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে নকআউট পর্বের উত্তেজনা। নতুন ফরম্যাট অনুযায়ী এবার শেষ ৩২ রাউন্ড অন্তর্ভুক্ত করা হয়েছে যা ১ জুলাই পর্যন্ত চলবে। এরপর ৩ জুলাই থেকে শুরু হবে শেষ ১৬ বা প্রি-কোয়ার্টার ফাইনাল লড়াই।
টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো ৯ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে। এরপর ১৪ ও ১৫ জুলাই অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর ১৯ জুলাই ফুটবল বিশ্ব পাবে তাদের নতুন রাজা। পুরো আসরটি মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের মোট ১৬টি ভেন্যুতে আয়োজিত হবে। টরন্টো, লস অ্যাঞ্জেলেস, ডালাস, সান ফ্রান্সিসকো এবং নিউইয়র্কের মতো বড় শহরগুলো এই বিশ্ব আসরের সাক্ষী হতে প্রস্তুত। প্রথমবারের মতো এত বিশাল পরিসরে আয়োজিত এই বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে ফুটবল বিশ্বে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ফিফার এই বর্ধিত ফরম্যাটে ছোট দেশগুলোর অংশগ্রহণ ফুটবলকে আরও বেশি জনপ্রিয় করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
নির্ধারিত সূচি অনুযায়ী গ্রুপ এ-তে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও রয়েছে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। গ্রুপ এইচ-এ স্পেনের সঙ্গী হয়েছে কেপভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং আটটি সেরা তৃতীয় স্থান অধিকারী দল নকআউট পর্বে উন্নীত হবে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মোট ১০৪টি ম্যাচের এই দীর্ঘ পথচলায় কে হাসবে শেষ হাসি, তা দেখতে এখন মুখিয়ে আছে কোটি কোটি দর্শক। বাংলাদেশের দর্শকদের জন্য অধিকাংশ ম্যাচই রাত এবং ভোরের সময়সূচিতে হওয়ায় পুরো জুন মাস জুড়েই ফুটবল জ্বরে কাঁপবে দেশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন