এপ্রিল ৩, ২০২৬, ০৮:৫৪ পিএম
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ এই ফাইনালের আগে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
শিরোপা অক্ষুণ্ণ রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামা লাল-সবুজ বাহিনী আজ পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিয়েছে।সেমিফাইনালে নেপালের বিপক্ষে পাওয়া ১-০ গোলের কষ্টের জয়ের রেশ কাটিয়ে আজ ফাইনালে একাদশে একটি কৌশলগত পরিবর্তন আনা হয়েছে।
নেপাল ম্যাচে খেলা সানী দাসের পরিবর্তে আজকের শুরুর একাদশে সুযোগ পেয়েছেন আব্দুল রিয়াদ ফাহিম। কোচের এই সিদ্ধান্ত মূলত ভারতের শক্তিশালী আক্রমণভাগ রুখে দিয়ে কাউন্টার অ্যাটাকে যাওয়ার একটি পরিকল্পনা বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য পজিশনে খুব একটা পরিবর্তন না এনে জয়ের ধারায় থাকতেই বেশি আগ্রহী দেখা গেছে টিম ম্যানেজমেন্টকে।
এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার ডেকলান সুলিভানকে নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল থাকলেও আজ তাকে বেঞ্চেই বসে থাকতে হচ্ছে। নেপালের বিপক্ষে শেষ সময়ে অভিষেক হওয়া এই রাইটব্যাক বেশ কিছু ঝলক দেখিয়েছিলেন। আক্রমণে উঠে উইং দিয়ে কয়েকটি নিখুঁত ক্রস দিলেও ফরোয়ার্ডরা তা জালে জড়াতে ব্যর্থ হন। তবে ডেকলান সুযোগ না পেলেও তার জমজ ভাই রোনান সুলিভান যথারীতি মাঝমাঠের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন।
ঘোষিত একাদশ অনুযায়ী গোলরক্ষকের গ্লাভস হাতে পোস্টের নিচে অতন্দ্র প্রহরী হয়ে থাকবেন ইসমাইল হোসেন মাহিন। রক্ষণভাগ ও দলের নেতৃত্ব দেওয়ার ভার অধিনায়ক মিঠু চৌধুরীর কাঁধে। তার সঙ্গী হিসেবে রক্ষণে দেয়াল তুলবেন কামাল মৃধা ও চন্দন রায়। মাঝমাঠ ও আক্রমণভাগের সমন্বয়ে থাকছেন মোহাম্মদ মানিক, নাজমুল হুদা ফয়সাল, মুরশেদ আলী, রোনান সুলিভান, শেখ সংগ্রাম ও ইউসুফ আলী। আর নতুন অন্তর্ভুক্ত হওয়া আব্দুল রিয়াদ ফাহিম থাকছেন ফ্রন্ট লাইনের বিশেষ দায়িত্বে। পুরো দেশ এখন এই তরুণদের পা থেকে আসা একটি ঐতিহাসিক জয়ের অপেক্ষায় প্রহর গুনছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন