এপ্রিল ১৫, ২০২৬, ১০:১৬ এএম
লিওনেল মেসিদের ক্লাব ইন্টার মায়ামিকে প্রথম এমএলএস শিরোপা জেতানোর মাত্র চার মাস পরই নাটকীয়ভাবে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাসচেরানো। মঙ্গলবার (১৪ এপ্রিল) ক্লাবটির পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে মাসচেরানোর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েই তিনি এই দায়িত্ব ছেড়েছেন বলে জানানো হয়েছে।
ক্লাব সূত্রে জানা গেছে, গত শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করার পরপরই মাসচেরানো ক্লাব কর্তৃপক্ষকে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। মাসচেরানোর সঙ্গে তাঁর কোচিং স্টাফের অন্য সদস্যরাও ক্লাব ত্যাগ করছেন।
তাঁর হঠাৎ বিদায়ে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলারমো হোয়াসকে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।বিদায়ী বিবৃতিতে মাসচেরানো ক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর ওপর আস্থা রাখার জন্য তিনি ক্লাবের কাছে ঋণী।
খেলোয়াড় ও স্টাফদের ধন্যবাদ জানিয়ে তিনি উল্লেখ করেন, এই ক্লাবের হয়ে জেতা প্রথম শিরোপার স্মৃতি তিনি আজীবন লালন করবেন। ২০২৪ সালের নভেম্বরে টাটা মার্টিনোর উত্তরসূরি হিসেবে মায়ামির দায়িত্ব নিয়েছিলেন আর্জেন্টিনার এই সাবেক তারকা। বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলে মেসির দীর্ঘদিনের সতীর্থ মাসচেরানোর নিয়োগ নিয়ে শুরুতে প্রশ্ন উঠলেও, মাঠের সাফল্যে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন।
মাসচেরানোর অধীনেই ইন্টার মায়ামি তাদের ইতিহাসের প্রথম এমএলএস কাপ জয় করে, যেখানে ফাইনালে তারা ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে পরাজিত করেছিল। তবে ২০২৬ মৌসুমে মায়ামির পথচলা কিছুটা মন্থর হয়ে পড়ে। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নেওয়া এবং লুইস সুয়ারেজকে সাইডবেঞ্চে বসিয়ে রাখার মতো সিদ্ধান্তগুলো নিয়ে কিছুটা চাপে ছিলেন তিনি। সব মিলিয়ে সফল এক অধ্যায় শেষে মায়ামিতে মাসচেরানো যুগের অবসান ঘটল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন