শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৬, ১০:৫২ এএম

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা

মেসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

আগামী জুন মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসর শুরুর দুই মাসও বাকি নেই, এমন সময়ে বড় ধরনের আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাঁর পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ-র বিরুদ্ধেও প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করা হয়েছে।

আদালতের নথিপত্র এবং বিশ্বখ্যাত ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, মায়ামির ‘ভিদ মিউজিক গ্রুপ’ নামের একটি ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান গত মাসে মায়ামি-ডেড সার্কিট কোর্টে এই মামলাটি দায়ের করে। 

প্রতিষ্ঠানটির অভিযোগ, গত বছর একটি প্রীতি ম্যাচে মাঠে না নামার মাধ্যমে লিওনেল মেসি ৭ মিলিয়ন ডলারের একটি বিশাল চুক্তির শর্ত লঙ্ঘন করেছেন।ঘটনার বিবরণে জানা যায়, আর্জেন্টিনা জাতীয় দলের দুটি প্রীতি ম্যাচ আয়োজন ও প্রচারের একচ্ছত্র অধিকার পেতে ভিদ মিউজিক গ্রুপ এএফএ-কে প্রায় ৭ মিলিয়ন ডলার প্রদান করেছিল। 

ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে অনুষ্ঠিত সেই ম্যাচগুলোর চুক্তিতে একটি বিশেষ শর্ত ছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল যে, ইনজুরি না থাকলে লিওনেল মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট খেলতে হবে। কিন্তু গত ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে মাঠে নামতে দেখা যায়নি। তিনি তখন স্টেডিয়ামের একটি স্যুট থেকে খেলা উপভোগ করছিলেন। অথচ রহস্যজনকভাবে এর ঠিক পরদিনই তিনি নিজের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলতে নামেন এবং দুটি গোল করেন। এই বিষয়টিই আয়োজক প্রতিষ্ঠানের মনে প্রতারণার সন্দেহ জাগিয়েছে এবং তারা আদালতের দ্বারস্থ হয়েছে।

এ ছাড়া ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে অন্য ম্যাচটি শিকাগোতে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়। আয়োজকদের দাবি, টিকিটের কম চাহিদা ও ভেন্যু পরিবর্তনের কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। যদিও মামলায় সুনির্দিষ্টভাবে কত টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে তা এখনো স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। 

তবে একজন ফুটবল মহাতারকার বিরুদ্ধে বিশ্বকাপের দোরগোড়ায় এমন আইনি পদক্ষেপ ফুটবল বিশ্বে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা মেসির পক্ষ থেকে এখন পর্যন্ত এই মামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মহল মনে করছে, বিষয়টি দ্রুত নিষ্পত্তি না হলে বিশ্বকাপের প্রস্তুতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।