শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের সূচি চূড়ান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৬, ১১:১৩ এএম

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের সূচি চূড়ান্ত

সেমিফাইনালের লড়াই শুরু ২৮ এপ্রিল

ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুম এখন রোমাঞ্চকর শেষ পর্যায়ে পৌঁছে গেছে। ৩৬টি দল নিয়ে শুরু হওয়া এই বিশাল টুর্নামেন্টে এখন টিকে আছে মাত্র চারটি দল। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের খেলা শেষ হওয়ার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের লাইনআপ ও সময়সূচি। 

এবারের সেমিতে মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ বনাম প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং আর্সেনাল বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ।সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কঠিন সমীকরণের সামনে ছিল রিয়াল মাদ্রিদ। 

শেষ চারে জায়গা পেতে আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্নকে অন্তত ২ গোলের ব্যবধানে হারাতে হতো রিয়ালকে। কিন্তু ইউরোপের সফলতম দলটিকে হতাশ করে ৪-৩ গোলের ব্যবধানে জয় তুলে নেয় বায়ার্ন মিউনিখ। 

দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে জার্মান জায়ান্টরা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের এখন লড়তে হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে।এদিকে একই রাতে লন্ডনের অ্যামিরেটস স্টেডিয়ামে স্পোর্তিং সিপির মুখোমুখি হয়েছিল আর্সেনাল। ঘরের মাঠে আর্সেনাল ও স্পোর্তিং সিপির কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তবে প্রথম লেগের ১-০ গোলের জয়টিই শেষ পর্যন্ত গানার্সদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দেয়। 

সেমিফাইনালে আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে। উল্লেখ্য যে ইউরোপসেরার এই লড়াই এখন চার দলের সমীকরণে নেমে আসায় ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে নতুন উত্তেজনা।আয়োজন সম্পন্ন করতে উয়েফা ইতিমধ্যে সেমিফাইনালের চার দিনের সময়সূচি ঘোষণা করেছে। সূচি অনুযায়ী প্রথম লেগের প্রথম ম্যাচে ২৮ এপ্রিল মুখোমুখি হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। 

পরের দিন অর্থাৎ ২৯ এপ্রিল প্রথম লেগের অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে যাবে আর্সেনাল। ৫ মে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। সেমিফাইনালের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ মে যেখানে বায়ার্ন মিউনিখ তাদের ঘরের মাঠে পিএসজিকে আতিথ্য দেবে। ফুটবল প্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই হাইভোল্টেজ ম্যাচগুলোর জন্য।