মে ১৬, ২০২৬, ১০:২৩ এএম
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে জোসে মরিনিয়োর প্রত্যাবর্তন এখন শুধুই সময়ের ব্যাপার। লস ব্লাঙ্কোসের প্রধান কোচের দৌড়ে এখন একমাত্র প্রার্থী এই পর্তুগিজ। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই মাদ্রিদের ডাগআউটে তাঁকে দেখা যাবে।বর্তমান পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তন না ঘটলে মরিনিয়ো বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার স্থলাভিষিক্ত হবেন।
এর ফলে মাত্র এক বছরের ব্যবধানে আনচেলত্তি, জাবি আলোনসো ও আরবেলোয়ার পর রিয়াল মাদ্রিদের চতুর্থ কোচ হতে যাচ্ছেন তিনি। ক্লাব কর্তৃপক্ষ মনে করছে ড্রেসিংরুমে শৃঙ্খলা ফেরানোর জন্য মরিনিয়োর মতো কঠোর ব্যক্তিত্বই এখন সবচেয়ে উপযুক্ত।
সম্প্রতি খেলোয়াড়দের অভ্যন্তরীণ কোন্দল এবং ওভিয়েদোর বিপক্ষে ম্যাচের পর আরবেলোয়ার বিরুদ্ধে কিলিয়ান এমবাপ্পের বিস্ফোরক প্রতিক্রিয়া এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে।কিছুদিন আগেও মাউরিসিও পচেত্তিনো কিংবা দিদিয়ের দেশামের নাম রিয়ালের কোচ পদের জন্য আলোচনায় ছিল।
তবে ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সম্প্রতি মরিনিয়োর প্রত্যাবর্তনের পরোক্ষ ইঙ্গিত দিয়ে তাঁর আগের মেয়াদের সাফল্যের প্রশংসা করেছেন। ক্লাবের গঠনতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া চলমান থাকলেও ২৩ মে মরশুম শেষ হওয়ার পরই তাঁর বার্নাব্যুতে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
বেনফিকা থেকে মরিনিয়োর বিদায়ের জন্য ৩০ লাখ ইউরোর ক্ষতিপূরণ দিতে হবে, যা রিয়ালের জন্য বড় কোনো জটিলতা নয়। আগামী দলবদল ও খেলোয়াড় ছাঁটাইয়ের ব্যাপারেও এই অভিজ্ঞ কোচের মতামত চূড়ান্ত ভূমিকা রাখবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন