মে ২৪, ২০২৬, ০৮:৩৯ পিএম
কাতারে ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে আলোচনা থামছে না। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ফিফা বিশ্বকাপে মেসির খেলার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা দলের কোচিং স্টাফ।
সহকারী কোচ রবের্তো আয়ালা রেডিও লা রেডকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আর্জেন্টিনা বিশ্বকাপ দলের প্রথম খেলোয়াড় হিসেবে মেসির জায়গা নিশ্চিত।আর্জেন্টাইন মহাতারকা আরও একবার বৈশ্বিক আসরে নামতে প্রস্তুত।
চূড়ান্ত স্কোয়াড ঘোষণার বিষয়ে আয়ালা কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি জানান, কোচিং প্যানেল এখন এমন তালিকা নিয়ে কাজ করছে যা প্রয়োজনে পরিবর্তনযোগ্য।
মূল দল ঘোষণার আগে শেষ পর্যন্ত সময়ের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। যদিও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো তাদের চূড়ান্ত স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।কোচ লিওনেল স্কালোনি প্রাথমিক তালিকা নিয়ে কাজ করছেন।
এর আগে বিভিন্ন দলের স্কোয়াড ঘোষণার খবর পাওয়া গেলেও বর্তমান চ্যাম্পিয়নদের থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ভক্তরা। তবে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মেসির অন্তর্ভুক্তি নিশ্চিত হওয়ায় স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। দলের ছন্দ ও অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে কোচিং স্টাফরা বিশেষ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন