বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ১১:৫৬ এএম

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি। শিরোপার পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারগুলোর মধ্যে অন্যতম মর্যাদাপূর্ণ হলো গোল্ডেন বুট। সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া এই পুরস্কার জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একঝাঁক তারকা ফুটবলার এবারও আলোচনায় রয়েছেন।

বিশ্বকাপ ইতিহাসে এবার অনেকের সামনেই রেকর্ড গড়ার হাতছানি।ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন ২০১৮ সালে গোল্ডেন বুট জিতেছিলেন। বায়ার্ন মিউনিখের জার্সিতে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা কেইন ইংল্যান্ড দলের অন্যতম ভরসা। 

অন্যদিকে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবারও জয়ের অন্যতম দাবিদার। বিশ্বকাপে আর পাঁচটি গোল করতে পারলে তিনি মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন।নরওয়ের আর্লিং হালান্ড প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামছেন।

আন্তর্জাতিক ফুটবলে তার গোল করার সামর্থ্য অবিশ্বাস্য। তবে তার গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা অনেকটা নির্ভর করছে নরওয়ে দলের পারফরম্যান্সের ওপর। আর্জেন্টিনা দলের কিংবদন্তি লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন বলে ধারণা করা হচ্ছে। কাতার বিশ্বকাপে সাত গোল করেও অল্পের জন্য গোল্ডেন বুট পাননি তিনি, এবার সেই আক্ষেপ মেটাতে মরিয়া।রোনালদোকে কখনোই লড়াই থেকে বাদ দেওয়া যায় না।

৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর গোল করার ক্ষিপ্রতা এখনো সমান কার্যকর। তাকে অনেকে এবারের টুর্নামেন্টের ডার্ক হর্স হিসেবে দেখছেন। এছাড়া তালিকায় আছেন ভিনিসিয়ুস জুনিয়র, হুলিয়ান আলভারেজ ও কাই হাভার্টজের মতো প্রতিভাবান খেলোয়াড়রা।আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসরে শেষ হাসি কে হাসবেন, সেটাই এখন দেখার বিষয়। গোল্ডেন বুটের এই লড়াই শিরোপার মতোই জমজমাট হবে বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।