জুন ৬, ২০২৬, ০৪:৩৯ পিএম
বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের শঙ্কা দূর হয়েছে। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি উপভোগ করা যাবে বাংলাদেশের তিনটি টেলিভিশন চ্যানেলে। ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে টি স্পোর্টস, সময় টিভি ও বাংলাদেশ টেলিভিশন।
বিশ্বকাপ দেখার চিন্তা এখন অনেকটাই কমেছে।শুধু টেলিভিশনেই নয়, মোবাইলেও ম্যাচগুলো দেখার সুযোগ থাকছে। টি স্পোর্টস, সময় টিভি ও বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে খেলা।
বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপে দর্শকরা উপভোগ করতে পারবেন এই ফুটবল উৎসব।বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
আগামী ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ।
ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।এর মধ্যে ১১টি ভেন্যু যুক্তরাষ্ট্রে, তিনটি মেক্সিকোতে এবং বাকি দুটি কানাডায় অবস্থিত। খেলা নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে এখন ব্যাপক উৎসাহ বিরাজ করছে। সঠিক ডিজিটাল মাধ্যমে যেকোনো স্থান থেকে খেলা দেখা সহজ হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন