শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ধৈর্যের পরীক্ষা নিয়েছে ফ্রান্স, আমি হলে চারটি লাল কার্ড পেতাম: ইব্রাহিমোভিচ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৬:০৪ পিএম

ধৈর্যের পরীক্ষা নিয়েছে ফ্রান্স, আমি হলে চারটি লাল কার্ড পেতাম: ইব্রাহিমোভিচ

বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে প্যারাগুয়ের ফুটবলারদের আক্রমণাত্মক ও অখেলোয়াড়সুলভ আচরণ ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচটিতে ফাউলের মহোৎসবে মেতে উঠেছিলেন প্যারাগুইয়ানরা। পুরো ৯০ মিনিটে মোট ২৩টি ফাউল হয়েছে, যা নিয়ে ক্ষুব্ধ ফুটবলবোদ্ধারা। সুইডেনের সাবেক স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ প্যারাগুয়ের এমন আচরণকে ‘কুৎসিত ফুটবল’ হিসেবে অভিহিত করেছেন।

ম্যাচে ধৈর্য ধরে জেতার জন্য ফ্রান্সের খেলোয়াড়দের উচ্চ মানসিকতার প্রশংসা করেছেন জ্লাতান।ফক্স স্পোর্টসের সঙ্গে আলাপকালে জ্লাতান বলেন, আমি যদি আজ মাঠে থাকতাম, তবে অন্তত চারটি লাল কার্ড দেখতাম। আমি প্রকৃত ফুটবল খেলতে ভালোবাসি। কেউ আমাকে উসকে দিলে আমি সহ্য করতে পারি না। ইব্রাহিমোভিচ মনে করেন, প্রতিপক্ষের উসকানির ফাঁদে পা না দিয়ে ফ্রান্স তাদের কৌশল ও শান্ত মেজাজ ধরে রাখতে পেরেছে, যা তাদের সাফল্যের চাবিকাঠি।

পুরো ম্যাচে এমবাপ্পেদের মেজাজ বিগড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন প্যারাগুয়ের খেলোয়াড়রা। কিন্তু কোচ দিদিয়ের দেশমের শিষ্যরা সব প্রতিকূলতা কাটিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলেছেন। ফরাসি খেলোয়াড়দের এই সাফল্যের মূল মন্ত্র হিসেবে তিনি তুলে ধরেন তাদের পেশাদারিত্বকে।

ইব্রাহিমোভিচ আরও বলেন, শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। হাসি, গোল আর জয়—এটাই সমালোচনার সেরা জবাব। মাঠের এই উত্তপ্ত পরিস্থিতিতেও ফ্রান্স যে পরিপক্কতার পরিচয় দিয়েছে, তা অন্যান্য দলের জন্য উদাহরণস্বরূপ।