জুলাই ১৭, ২০২৬, ০৪:৫৪ পিএম
বিশ্বকাপ মানেই বাড়তি উন্মাদনা। গত এক মাসেরও বেশি সময় ধরে ফুটবল দুনিয়ায় যে রোমাঞ্চ ছড়িয়েছে, তা এখন শেষের পথে। তবে আসরের মহারণ ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বাকি থাকায় ব্যক্তিগত পুরস্কার জয়ের দৌড় নিয়ে হিসাব-নিকাশ তুঙ্গে।আগামী রোববার নিউজার্সিতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে অনেক কিছু।
গোল্ডেন বুটের লড়াইয়ে এখন মূল প্রতিদ্বন্দ্বিতা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এই পুরস্কার জেতার দৌড়ে দুজনেরই গোল সংখ্যা ৮টি করে। তবে অ্যাসিস্টে এগিয়ে থাকায় মেসি আপাতত শীর্ষে আছেন। কাতার বিশ্বকাপে ৮ গোল করে এমবাপ্পে এই পুরস্কার জিতলেও, এবার চিত্রটা ভিন্ন। টুর্নামেন্ট শেষে গোল সমান হলে অ্যাসিস্ট এবং মাঠে খেলা সময়ের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে। ইংল্যান্ডের হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম ও স্পেনের মিকেল ওয়ারজাবালও তালিকার কাছাকাছি রয়েছেন।
গোল্ডেন বল বা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়াটি কিছুটা ভিন্ন। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ প্রার্থীদের তালিকা তৈরি করে এবং স্বীকৃতিপ্রাপ্ত সংবাদমাধ্যমের ভোটের ভিত্তিতে এই বিজয়ী নির্বাচন করা হয়। ৩৯ বছর বয়সী মেসি এবারও গোল্ডেন বল জয়ের দৌড়ে ফেভারিট। তার সঙ্গে সম্ভাব্য বিজয়ীদের তালিকায় আছেন এমবাপ্পে, অলিসে, হ্যারি কেইন এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। অতীতে মেসি দুইবার এই পুরস্কার জিতেছেন, যা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।গোল্ডেন গ্লাভস বা সেরা গোলরক্ষক নির্বাচনের ক্ষেত্রে ক্লিন শিট এবং গুরুত্বপূর্ণ সেভের ভূমিকা সবচেয়ে বেশি।
গতবার এই পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবারের বিশ্বকাপে কেপ ভার্দের ভোজিনহা নিজের পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন। এ ছাড়া উরুগুয়ের অরলাণ্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা ও সুইজারল্যান্ডের গ্রেগর কোবেলও এই মর্যাদাপূর্ণ পুরস্কারের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছেন।ব্যক্তিগত পুরস্কারের এই লড়াই ফাইনালের মঞ্চে বাড়তি উত্তেজনা যোগ করেছে। শেষ ম্যাচে কার পারফরম্যান্স বিচারকদের নজর কাড়ে, তা দেখার জন্য এখন অপেক্ষা ফুটবল বিশ্বের।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন